মাদারীপুরে হযরত মাতুব্বর (৫০) নামে এক হাজতিকে পিটিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হযরত মাতুব্বরের মৃত্যু হয়। পরে তার পরিবার ও স্বজনরা তাকে পিটিয়ে মারার এ অভিযোগ করে।
তবে পুলিশ বলছে, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। এ বিষয়ে তদন্ত করবে ম্যাজিস্ট্রেট।
নিহত হযরত মাতুব্বর সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতের মরদেহ।
মাদারীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, হযরত মাতুব্বরের বিরুদ্ধে গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় পৃথক দু’টি মামলার প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্ব স্বেচ্ছায় সে আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার পর থেকে হযরত মাতুব্বর জেলখানাতেই ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) ভোরে হঠাৎ হযরত মাতুব্বরকে অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, ‘আমার বাবা হযরত মাতুব্বরকে জেলখানার লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার এ অভিযোগ অস্বীকার করে জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হযরত মাতুব্বরকে। হৃদরোগে আক্রান্ত হয়েই মাতুব্বরের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ‘আপাতত এটি অপমৃত্যুর মামলা হবে। যেহেতু ঘটনাটি জেলাখানার ভিতরের বিষয়, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদন্ত করবেন। আর সেই মোতাবেক পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’
বার্তা বাজার/কে.কে