ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের খন্দকার এনামুল হক ও মোঃ ইয়াছিন মিয়া হত্যা মামলার ১৬ আসামি এখনো ধরাছোয়ার বাইরে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন নিহত খন্দকার এনামুল হকের স্ত্রী তাসলিমা আক্তার।
তাসলিমা আক্তার বলেন, এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করা হয়। পরে সিআইডি ২৮জনকে আসামী করে তদন্ত প্রতিবেদন দিলে আদালত সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর মধ্যে ১২জন আসামী উচ্চ আদালত থেকে জামিন থাকলেও বাকী ১৬জন আসামীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না। বর্তমানে মামলাটি উঠিয়ে নিতে আসামী পক্ষের লোকজনেরা হুমকি দিয়ে যাচ্ছে। তিনি দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। সংবাদ সম্মেলনে নিহত সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম ও সন্তানেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ মার্চ রাতে নবীনগর উপজেলার জগন্নাথপুরে সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়া ও তার ভায়রা ভাই খন্দকার এনামুল হককে হত্যা করা হয়।
বার্তা বাজার / ডি.এস