সরকারের পদত্যাগ দাবি করার আগে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য তাদের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত ১ বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছে, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী। বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।
বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না, তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা বিএনপির পুরনো অপকৌশল।
বার্তাবাজার/কে.জে.পি