উপ-নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আট আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হাঁসখালী গ্রামে নির্বাচনী কাজ করছিলেন। এ সময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শিপনের সমর্থকদের ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

সংঘর্ষে নৌকা প্রতীকের আহত সমর্থকরা হলেন, ইশ্বরঘাট গ্রামের হারেজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (১৮), ওসমান গনির ছেলে জুবায়ের আহমেদ (১৭), মাহাবুর আলীর ছেলে মিলন মিয়া (২৫), ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (২৩), শাহাদৎ হোসেনের ছেলে মিশু (১৭)। আহতদের মধ্যে নাহিদ হাসান ও জুবায়ের আহমেদ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অপরদিকে মোটরসাইকেল প্রতীকের আহত সমর্থকরা হলেন- কান্তনগর গ্রামের আলিমুদ্দিনের ছেলে বাবু (৪৫), আলাউদ্দিন খাঁনের ছেলে আরফান হোসেন (৪২) ও মোস্তফা জোয়ার্দারের ছেলে নাসির জোয়ার্দার (১৭)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘হাঁসখালী গ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। তাৎক্ষণিক সেখানে পুলিশের একটি মোবাইল টিম পাঠানো হয়। এ ঘটনায় কোনো প্রার্থীই থানায় অভিযোগ দেননি।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপনসহ (মোটরসাইকেল) মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর