বাঁকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বেলালের লাশ উদ্ধার

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. বেলাল (২২) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ফিশারি ঘাট এলাকা হতে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত যুবক শহরের নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।

সূত্র জানায়, আজ ভোরে ফিশারি ঘাটের উত্তর পাশে একটি তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীতে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার পরবর্তী লাশটি নৌকা ডুবিতে নিহত বেলালের বলে নিশ্চিত হয়েছেন তারা। তবে লাশ উদ্ধারের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবী করেছেন সদর থানার ডিউটি অফিসার।

জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শখ করে নৌকা যোগে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দুর শুক্কুর নৌকাডুবির কবলে পড়ে। ওই দিন রাতেই আব্দুর শুক্কুর (৩২)কে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন। নিখোঁজ দুইজনের মধ্যে সোমবার বেলা ১টার দিকে মো. ইউনুস (৩৫) উরফে লালুর লাশ উদ্ধার করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর