গজারিয়ায় পিস্তল ও ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে দুইটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, তার ছোটভাই আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান ও তাদের ব্যবসায়ী পার্টনার আলমগীর হোসেন।

গ্রেফতারের পর গজারিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাদের। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে গজারিয়া থানা পুলিশ।

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের গ্রেফতারের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর