আইনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রণীত সকল আইনেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটরিয়ামে সমিতির সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত তথ্যাদি সফটওয়ারের মাধ্যমে পরিচালনা করার লক্ষ্যে সফটওয়ার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে এমন কোন আইন প্রণয়ন করা হয়নি যে আইন জনগণের স্বার্থের পরিপন্থী। জনগণের ইচ্ছার প্রতিফলন হয় এমন আইন প্রণয়ন করার পক্ষে ছিলেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হোক এমন আইন শেখ হাসিনার আমলে হবে না। প্রণীত সকল আইনেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

শেখ হাসিনার সরকার আইনের শাসন বাস্তবায়নে বিশ্বাসী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের আয় রোজগারের বিষয় চিন্তা করে এবং বিচার কাজ সচল রাখার জন্য করোনাকালীন ভার্চুয়ালি কোর্ট পরিচালনা করার ব্যবস্থা করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেলা দায়রা জজ মো. ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। এটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার হোসেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর