স্ত্রীর যৌতুক মামলায় বরিশালে স্বামীর দুই বছরের কারাদণ্ড

দুই লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ (১৯ অক্টোবর) সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ ওই রায় দেন। দণ্ডিত ব্যাক্তির নাম হোসেন ঢালী।

আদালতের স্টেনো কাওসার হোসেন টিটু জানান, মেহেন্দীগঞ্জের সেলিনা আক্তার নিপুর সাথে ভোলার মেদুয়া গ্রামের আক্তার হোসেন ঢালীর ২০০৫ সনের ২৫ ফেব্রুয়ারি বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ২ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করতেন।

২০১৩ সনের ১৬ ফেব্রুয়ারি যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাবার বাড়ী পাঠিয়ে দেন আক্তার। ২০১৩ সনের ২৪ ফেব্রুয়ারি স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। ২০১৩ সনের ১৬ মে মেহেন্দিগঞ্জ থানার এস আই হোসেন মামলার চার্জশীট দেন।

আদালতে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ভোলার মেদুয়া গ্রামের আক্তার হোসেন ঢালীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর