পিএসসি-জেএসসি এবং এইচ এস সি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসলেও, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের বার্ষিক পরীক্ষা নিয়ে এখনও আসেনি কোন ধরনের সিদ্ধান্ত। আর এ বিষয়ে আগামী বুধবার নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় এ বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।
বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। মরণঘাতী করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও কিছু ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। কিন্তু টানা ৭ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষাও আয়োজন না করার চিন্তাভাবনা রয়েছে। এর পরিবর্তে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। আর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কেএস/বার্তাবাজার