জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।
আজ সোমবার (১৯ অক্টোবর) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিককালে উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।
তিনি বলেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।
কাদের আরও বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।
বার্তাবাজার/কে.জে.পি