কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে গত কয়েকদিন ধরে একটানা বন্ধ রয়েছে ফেরি চলাচল। সেই সাথে নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা।

আজ সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, নৌপথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ চালক ও মালিকরা।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ‘সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্য সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর