পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশে একটি পরিত্যাক্ত টয়লেট থেকে সানজিদা খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটি একই এলাকার সোহাগ হোসেনের মেয়ে। রোববার দুপুরে নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যার পর তার মরদেহ মেলে একটি পরিত্যক্ত টয়লেটের মেঝেতে।

এলাকাবাসী জানায়, সানজিদা দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিকেলে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করেন তার বাবা। সন্ধ্যার পর এলাকার কয়েকজন বাসিন্দা কাচারি মাঠের পাশে একটি পরিত্যাক্ত টয়লেটে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ চিহ্নিত করে। শিশুটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, পরিত্যাক্ত একটি টয়লেট থেকে সানজিদা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর