গৃহকরমীর সাথে অবৈধ সম্পর্ক দেখে ফেলায় আবুল কালাম নামে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন। তাও একটি হোটেল ভাড়া করে সেখানে স্ত্রীকে ডেকে নিয়ে হত্যা করে পেশায় গাড়ি চালক আবুল কালাম। নিহত ওই নারীর নাম ইয়াসমিন আক্তার সোমা (৩২)।
পুলিশ জানান, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত ইনসাফ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় উড়না পেঁচানো ও কালো দাগ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে নিহতের বোন নাসরিন বেগম ও ভাই আলাউদ্দিন ফরাজি মর্গে গিয়ে লাশটি সোমার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক আব্দুল জলিল জানান, আবুল কালাম তাঁর ছেলেকে নিয়ে গত ১৩ অক্টোবর ইনসাফ হোটেলের ২৩৪ নম্বর কক্ষে ওঠেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান, তাঁর স্ত্রী রাগ করে কোথায় যেন চলে গেছেন, তাঁরা তাঁকে খুঁজতে এসেছেন। পরে তিনি স্ত্রীকে খুঁজে পেয়েছেন বলে কক্ষ পরিবর্তন করে ২২৭ নম্বর কক্ষে ওঠেন। এরপর তাঁর স্ত্রী সোমা আসেন।
শনিবার কোনো এক সময় কালাম তাঁর সন্তানকে নিয়ে পালিয়ে যান। সন্ধ্যায় এক হোটেল বয় কক্ষ পরিষ্কার করতে গিয়ে সোমার লাশ দেখতে পান। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সোমার বোন নাসরিন জানান, কালাম-সোমার রাজধানীর নারিন্দা এলাকায় বসবাস করতেন। ছয়-সাত মাস আগে বাসায় কালামের সঙ্গে গৃহকর্মীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলেন সোমা। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে কালাম ছেলেকে নিয়ে অন্যত্র চলে যান। সোমা সাভারে নাসরিনের বাসায় গিয়ে ওঠেন। গত শুক্রবার সকালে সাভার থেকে ঢাকায় আসেন সোমা। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বার্তাবাজার/এসজে