কুমিল্লার মুরাদনগরে ইসলামী সংগীতকে (হামদ) জাতীয় সংগীতের সুরে গাওয়ায় একটি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। রোববার দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত দারুল কোরআন আল আরাবিয়া নামের মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাগজপত্র ও অনুমোদন নিয়ে আবারও মাদ্রাসা চালু করার নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, মাদ্রাসাটির প্রধান শিক্ষক নাজিবুল্লাহ আফসারী জাতীয় সংগীতের সুর নকল করে একটি ইসলামি সংগীত পরিবেশনা করে তার নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড করে।
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে সেখানে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস এবং থানার ওসি নাহিদ আহাম্মেদ।
সেখানে ওই শিক্ষককে পাওয়া যায়নি। তবে মাদ্রাসাটির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মাদ্রাসার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়া ওই শিক্ষককে তার ফেসবুক আইডিসহ ইউটিউব চ্যানেল থেকে ওই সুরে গাওয়া সংগীতটি মুছে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক নাজিবুল্লাহ আফসারী মুঠোফোনে জানান, আসলে বিষয়টি এমন হবে তা আমার জানা ছিল না। আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সবকিছু কেটে দিয়েছি এবং একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এ বিষয়টির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইব।
মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকরতা অভিষেক দাস বলেন, জাতীয় সংগীতের সুর ব্যবহার করে ইসলামী সংগীত পরিবেশন কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মাদ্রাসা প্রতিষ্ঠার যথাযথ কাগজপত্র না থাকায় আপাতত ওই মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি।
বার্তাবাজার/এসজে