সিংগাইরে ছাগল চুরির অপবাদে একজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ছাগল চুরির অপবাদ দিয়ে ছমু (৫০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছমুকে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় জিন্নাহ ও তার লোকজন।

নিহত ছমু সিংগাইর পৌরসভা এলাকার আজিমপুর গ্রামের মৃত. হুকুম আলীর ছেলে।

নিহতের স্ত্রী জানান, অভিযুক্ত জিন্নার ছাগল চুরি হলে সন্দেহের বশে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেই। অবস্থার অবনতি হলে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বর্হিবিভাগে ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে আবারও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে অভিযুক্ত জিন্নার বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

সিংগাইর থানার পুলিশ পরির্দশক(তদন্ত) আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যর মামলা নেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর