রাজধানীর ডেমরায় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ছেলে নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনিসুর রহমান (৫৫) ও তাঁর ছেলে ফাহিম (১৬)।
ডেমরা থানার এএসআই মজিবুর রহমান জানান, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই খুঁটিতেই ছেলে ফাহিম আটকে যায়। বাবা আনিসুর এক পাশে আর মোটরসাইকেল অন্য পাশে পড়ে যায়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, বাবা-ছেলের পেছনে বোধহয় তাদের এক আত্মীয় ছিলেন। ওই আত্মীয় আহত বাবা-ছেলেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইরচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘রাতে বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
বার্তাবাজার/এসজে