চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরবাসুদেরপুরের রজব আলীর স্ত্রী মাসরুফা খাতুন ও তার বোন খাদিজা খাতুন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘বেলা ১১টার দিকে রজব আলী মোটরসাইকেলযোগে তার স্ত্রী, শ্যালিকা ও ছোট সন্তানকে নিয়ে সোনামসজিদ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।ছোট সোনা মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসরুফা খাতুন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান খাদিজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসরুফার মরদেহ উদ্ধার করেছে।’
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
বার্তাবাজার/অমি