সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হানের মৃত্যুর ঘটনায় তার মা সালমা বেগম বলেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার করা হয়নি। এসআই আকবরসহ জড়িত পুলিশ সদস্যদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে এলাকাবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির শুরু করা হবে বলে জানান তিনি।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে রায়হানের বাড়িতে সংবাদ সম্মেলনে মা সালমা বেগমসহ বৃহত্তর আখালিয়া এলাকাবাসী এ আল্টিমেটাম দেন।
নিহত রায়হানের মা দাবি করেন ‘আমার ছেলে কোনো দল করতো না। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার একটাই দাবি, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। ১০ হাজার টাকা জন্য আমার ছেলেকে হত্যা করা হবে, আমি বিশ্বাস করি না।’
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নিশ্চয়ই আরও বড় কোনো গ্যাং জড়িত রয়েছে। ১০ হাজার কেন ৫০ হাজার টাকা চাইলেও আমি দিয়ে দিতাম। সংবাদ সম্মেলনে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ ৬ দাবি উপস্থাপন করেন মা সালমা বেগম।
বার্তাবাজার/অমি