ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুত্রবধূ নিহত, শ্বশুর আহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় স্মৃতি আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক কুতুব উদ্দিন (৫৫)। সম্পর্কে তারা শ্বশুর-পুত্রবধু।

আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুর কুতুব উদ্দিন তার পুত্রবধূ স্মৃতি আক্তারকে নিয়ে মোটর সাইকেলে করে বিলপাড় গজারিয়া থেকে কটিয়াদী যাচ্ছিলেন। পথে চরিয়াকোনা এলাকায় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০১৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন শ্বশুর কুতুব উদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছোবহান বলেন, নিহতের লাশ উদ্ধার, ঘাতক ট্রাক ও মোটর সাইকেল আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর