বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে নাটক করছে,গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হয়।
মাজার জিয়ারত শেষে নজরুল ইসলাম বলেন, গতকাল ঢাকা এবং নওগাঁয় উপনির্বাচন নামে প্রহসন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ। এটা কী করে হয়? কেন্দ্রে আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু নির্বাচনকে তারা এতটাই পরিত্যক্ত, অগ্রহণযোগ্য ও হেয় করে ফেলেছে। আমাদের নির্বাচন কমিশন বলে আওয়ামী লীগ জিতলেই নির্বাচন সুষ্ঠু! নির্বাচনের পরিবেশ কেমন ছিল? ভোটার কেন্দ্রে গেল কি গেল না, সেটি বিবেচ্য নয়।
তিনি এটাও বলেন, সারা বিশ্বের মানুষ আজ কোভিড নামক মহামারিতে আক্রান্ত। আর বাংলাদেশ কোভিডের পাশাপাশি দুর্নীতি, অনাচার, নারী ও শিশু নির্যাতন এবং দলীয়করণ এ ধরনের আরও কয়েকটা মহামারিতে আক্রান্ত। এতো মহামারি থেকে আল্লাহ যেন দেশটাকে হেফাজত করেন সেজন্য দোয়া করা হয়েছে।
বার্তাবাজার/আর.আর