প্রশ্ন একটাই, এসআই আকবর কোথায়?

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যুর ৬ দিন পরও বরখাস্ত হওয়া অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়ার কোন হদিস মেলেনি। তবে ঘটনার পর থেকে বরখাস্ত ও প্রত্যাহার হওয়া ২ এএসআই ও ৪ কনস্টেবল পুলিশের পাহারায় সিলেট পুলিশ লাইনসে রয়েছেন।

তবে সবকিছু ছাপিয়ে সবার মনে এখন একটাই প্রশ্ন, আকবর হোসেন ভূঁইয়া কোথায়? সিলেট মহানগর পুলিশের লাপাত্তা এই অফিসারের খোঁজ পাওয়া যাচ্ছে না কোথাও।

কেউ বলছেন, তিনি পুলিশের হাতের মুঠোয় আছেন। আবার পুলিশের কর্মকর্তারা বলছেন, তিনি নাগালের বাইরে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত এসআই আকবর পলাতক রয়েছে। পুলিশ সব বিষয়ে সতর্ক রয়েছে। মামলাটি তদন্ত করছে পিবিআই। তারা চাইলে আকবর ছাড়া অন্যদের তাদের কাছে দেয়া হবে।

পিবিআই সিলেটের এসপি মো. খালেদুজ্জামান জানান, তদন্তকালে যাদের না পাওয়া যাবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। মামলাটি স্পর্শকাতর, তাই সব বিষয়ে তথ্য-প্রমাণ প্রয়োজন। সেজন্য পিবিআই’র এর তদন্ত দল নানা বিষয় মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, আকবর তার নিজের ব্যবহৃত মোবাইল ফোন সেট এবং সরকারি সেট দুটোই ফাঁড়িতে রেখে গায়েব হয়ে যান। গা ঢাকা দিয়ে কোথায় আছেন, সেই হদিস কেউ দিতে পারছেন না। তার আগে সে খুনের সব আলামত নষ্ট করে দেয়। অভিযুক্ত অন্য সদস্যদের পুলিশ লাইন্সে রাখা হয়েছে। তবে রায়হান হত্যার ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর