মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল গ্রুপ ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ কর্তৃক আয়োজিত ও আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন নিবেদিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শাহারিয়া নাজিম শাওনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না।
এসময় জামাল হোসেন মুন্না বলেন, ‘হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপটি আলফাডাঙ্গা উপজেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এই গ্রুপটির মাধ্যমে আমি আমার প্রিয় জন্মভূমি আলফাডাঙ্গা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তবিবুর রহমান, পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন মিজানুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, বিশিষ্ট ব্যবসায়ী ডা. বায়েজীদ হোসেন (শাহেদ) ও চিত্র নায়ক বাবুল খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, মেহেদী হাসান শোভন, গোলাম কিবরিয়া, শাহিদুল ইসলাম কোরবান, বাসুদেব কুন্ডু জয় ও মিঠুন বিশ্বাস প্রমুখ।
প্রতিযোগিতাটি গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে শুরু হয়ে ওই মাসের ২৭ তারিখে সমাপ্ত হয়। কুইজে আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃতিমান ব্যক্তি ও ইতিহাস থেকে মোট ২৫টি প্রশ্ন করা হয়। এতে অংশগ্রহণ করেন ১৫৭ জন ব্যক্তি। এদের মধ্য থেকে সর্বোচ্চ মার্কের ওপর ভিত্তি করে মোট ১২ জন ব্যক্তিকে বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- উম্মে সালমা, অন্তরা অন্তু, শারমিন লাকী, মেহেদী হাসান রাজু, মোস্তাফিজুর রহমান, জেরিন জাহান জ্যোতি, রাজিয়া সুলতানা, রিপন মোল্যা, শাকিল আহমেদ রাব্বির, প্রিয়ংয়া বিশ্বাস, কাজী নাজমুল ইসলাম ও উর্মি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৩ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বার্তা বাজার / ডি.এস