চট্টগ্রামে মহিলা ছিনতাইকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান রেলক্রসিং হতে এ কে খানগামী জাকির হোসেন রোড এর ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন রাস্তায় মহেন্দ্র গাড়ি যোগে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতারক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রুবিনা(৩০), শাহানা বেগম (৩৭), রিপা আক্তারকে ছিনতাইকৃত একটি স্বর্ণের চেইন সহ গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা যাত্রী সেজে গাড়ির অপরাপর মহিলা যাত্রী তরু চৌধুরীর (৬৫) সাথে বসেন। সেখানে যাত্রা পথে কৌশলে তরু চৌধুরীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে গাড়ি থামা মাত্রই কৌশলে গাড়ি থেকে নেমে সংগীয় অন্যান্য সদস্যদের সহায়তায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত মহিলা পুলিশের সাহায্যে দেহ তল্লাশী করে ছিনতাই চক্রের এক সদস্যের কোমরে গোঁজানো অবস্থায় তার নিজ হাতে বের করে দেওয়া তরু চৌধুরীর স্বর্ণের চেইনটি উদ্ধার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস