বার্তা বাজারে সংবাদ প্রকাশ: মরিয়মকে ঘানি টানার গরু উপহার দিল র‌্যাব

৩০ বছর ধরে ঘানি টেনে আসছেন মরিয়ম ও তার স্বামী লোকমান হোসেন। গরু কেনার সামর্থ্য না থাকায় এ দম্পতি নিজেরাই ঘানি টেনে তেল মাড়াই করে জীবন-যাপন করতেন। এ দম্পতির বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে।

এমন কষ্টের গল্প সোমবার (১২ অক্টোবর) সরকারি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার” এ “মরিয়মের নেই গরু, কাঁধে আছে ঘানির ভার” শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি র‍্যাব -১২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলামের নজরে আসে।

এরপর বিষয়টি তিনি নিজ তাগিদে খোঁজ খবর নেন এবং শনিবার (১৭ অক্টোবর) সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে তার নেতৃত্বে র‍্যাব-১২ এর সদস্যরা এসে মরিয়ম -লোকমান দম্পত্তিকে গরু উপহার দেন। উপহার পাবার পরই যেন মরিয়মের চোখের দিকে তাকালে দেখা মেলে আনন্দের অশ্রুর।

এ বিষয়ে র‍্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম পিএসসি জানান, অপরাধ দমনের পাশাপাশি র‍্যাব সব সময় মানবিক বিষয়গুলোতে নজর রাখে। কদিন আগে বার্তা বাজারসহ আরও কয়েকটি নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে আমার দৃষ্টিতে আসে। তাদের দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানার কষ্ট কিছুটা লাগব করার জন্য আমরা র‍্যাবের পক্ষ থেকে একটি গরু উপহার দিলাম। তিনি আরও জানান, র‍্যাব সর্বদাই অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করে।

এদিকে মরিয়ম -লোকমান দম্পত্তি বার্তা বাজার এর নিকট আবেগপ্রবণ হয়ে বলেন, র‍্যাব ১২ ও বার্তা বাজার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা গরুটি পেয়ে আমাদের ৩০ বছরের কষ্টটা দূর হলো। আমাদের আর সারাদিন নিজ কাঁধে ঘানি টানতে হবে না। যারা আমাদের জন্য গরু দিয়েছে তাদেরকে আল্লাহ সুখ ও শান্তিতে রাখুক। এ সময় র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর