কলাপাড়ায় নৌকা প্রতীকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্র রেখে নৌকার বিজয়কে ঠেকানোর চক্রান্তের অভিযোগে সংবাদ সম্মেলন করেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আকন্দ। শনিবার কলাপাড়া ব্যবসায়ী সমিতির অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আকন্দ বলেন, মহিপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলু গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমার মাছের গদিতে অবৈধ অস্ত্র রেখে আমাকে হেয় প্রতিপন্ন করাসহ নৌকা মার্কার নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত করছেন। এসময় গদির সামনে মালিকবিহীন একটি পালসার মোটরসাইকেল (বরিশাল-ল-১১-২৮৩৮) পাওয়া গিয়াছে, যা পুলিশ থানায় নিয়ে যায়। তিনি বহিরাগত সন্ত্রাসী নাইয়া নজরুল, ডক আনোয়ার, জয়দেবসহ একাধিক চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আমার কর্মী সমর্থকদের একের পর এক ভীতি প্রদর্শন করছেন, যার অডিও রেকর্ড আছে।

সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ: মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক দিদার উদ্দীন আহমেদ মাসুম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল আলম, অধ্যাপক মো: মঞ্জুরুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আ: মালেক আকন্দ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে উৎসাহিত হয়ে জনগন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার শপথ নেয়ায় বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী নির্বাচনে মিথ্যার আশ্রয় নিয়ে টাকার বলে প্রশাসন, মিডিয়া ও জনগন কিনে নেওয়ার পায়তারা চালাচ্ছে। ১৬ অক্টোবর বিএনপি নেতাদের সাথে নিয়ে আমার বিরুদ্ধে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এসময় তার সাথে বিভিন্ন মামলার চিহ্নিত আসামীরাও উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতালেব তাং ও পৌর আ’লীগের সভাপতি বিপুল হাওলাদার বলেন, প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই মহিপুরে র‌্যাবের হাতে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র কিভাবে মহিপুর এসেছে? কারা এনেছে? তা তদন্ত করে বের করতে হবে। এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। কেননা শেখ হাসিনা সরকারের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে একটি মহল দেশ বিরোধী নানান চক্রান্তে লিপ্ত রয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এটি তারই অংশ।

বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: ফজলু গাজী বলেন, মালেক আকন্দর মাছের গদীর দোতলা থেকে র‌্যাব অবৈধ উদ্ধার করেছে। তাদের এধরনের আরও রেকর্ড রয়েছে।

মহিপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনজনিত কোন ধরনের অভিযোগ এ পর্যন্ত পাওয়া যায়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর