ঢাকার দুই সিটি করপোরেশনে ঝুলন্ত তার কেটে ফেলার প্রতিবাদে ক্যাবল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠনের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অনুরোধে এই ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তারা।
আজ (শনিবার) এক অনলাইন বৈঠকে কোয়াব ও আইএসপিএবি নেতারা এই সিদ্ধান্তের কথা জানান। বৈথকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, অতি সত্তর এই সমস্যা সমাধানে কার্যকর একটি পদক্ষেপ নেবো। আপনার আপনাদের ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেন। আপনারা আমাদের জন্য সাতদিন সময় দেন।
মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, মেয়র ও আইনমন্ত্রী মহোদয় নিশ্চিত করেছেন আর কোন তার কাটা হবে না। সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন বিকল্প কোন ব্যবস্থা না করে তার কাটা ঠিক হবে না। আগামীকাল প্রধানমন্ত্রী বিষয়টি সম্বন্ধে জানবেন এবং সিদ্ধান্ত জানাবেন।
বৈঠকে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, আমরা কখনোই গ্রাহকদের সমস্যায় ফেলতে চাইনি। আমরা করোনাকালে অনেককেই হারিয়েছি। তারপরেও কোন কাজে পিছপা হয়নি। আমরা কর্মসূচি স্থগিত করছি।
আইএসপিএবি প্রেসিডেন্ট আমিনুল হাকিমও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, রোববার মেয়র মহোদয়ের সঙ্গে বৈঠক আছে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করছি সপ্তাহখানেকের মধ্যে সমাধান পেয়ে যাবো।
বার্তাবাজার/এসজে