যৌতুকের জন্য গৃহবধূর চুল কেটে নিলেন স্বামী

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে অমানবিক নির্যাতনের পর চাঁদনী খাতুন নামের এক গৃহবধূর চুল কেটে নিয়েছে তার স্বামী মো. রবিউল ইসলাম (৩৫)।

উপজেলার মহারাজপুর পিয়নপাড়া এলাকার মো. এমরাজ শেখের মেয়ে নির্যাতিতা মোসা. চাঁদনী খাতুন এবং একই গ্রামের ইসরাফিল শেখের ছেলে মো. রবিউল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সম্মতিতে ৫ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের ২ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধ করেন মেয়ের বাবা। বিভিন্ন সময়ে যৌতুকের বাকি ১ লাখ ৫০ হাজার টাকার দাবিতে গৃহবধূ ও তার পরিবারকে চাপ দিতে থাকে রবিউল ও তার পরিবারের লোকজন। গত বুধবার ওই গৃহবধূ তার শ্বশুরবাড়িতে গেলে আবারও যৌতুকের টাকা চায় তার স্বামী এবং না দিতে পারায় তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে অপমান ও লাঞ্ছিত করতে কাঁচি দিয়ে চুল কেটে নেয় স্বামী রবিউল ইসলাম।

নির্যাতনের শিকার হওয়ার পরদিন গেল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মামলা নেওয়ার পরে রবিউলের মা জাইলী বেগমকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর