কলকাতা একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। ছাদ থেকে লাফ দিয়ে আরো এক কিশোর আহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি আটতলা বাড়িতে আগুন লাগে। দ্রুতই বেশ কয়েকটি তলায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে চিৎকার করতে থাকেন বাসিন্দারা।
প্রাথমিকভাবে ভবনের বাসিন্দা ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় প্রাণভয়ে ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অনেকে।
খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনের ওপরের দিকে অনেকে আটকে পড়ায় নিয়ে আসা হয় হাইড্রোলিক ল্যাডার। তবে এর মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন।
এদিকে, আগুনের ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কিশোর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল কর্মীরা জানায়, ভবনের একতলার মিটার বক্স থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা এবং পরে দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশের সাহায্যে ভেতরে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনা হয়েছে।
বার্তাবাজার/অমি