ধর্ষণ মামলায় গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বর গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় প্রেমিক ইসতিয়াক আহম্মেদকে তার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে ইসতিয়াককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ইসতিয়াক আহমেদ নাগবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ৪ বছর আগে ইসতিয়াকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে ইসতিয়াক ফ্ল্যাট ভাড়া নিয়েও বিয়ের আশ্বাসে বার বার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন। ওই ফ্ল্যাটে সর্বশেষ ২০১৯ সালের ২৫ ডিসেম্বরও তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর থেকে বিয়ে করবে বলে তালবাহানা করতে থাকেন ইসতিয়াক। গত ১৪ অক্টোবর সন্ধ্যায়ও বিয়ে করার কথা বলে বিয়ে করেননি ইসতিয়াক। বাবা-মায়ের পছন্দে অন্য মেয়েকে বিয়ে করবেন বলে জানান এবং তাকে যেন বিরক্ত না করা হয় সেজন্য গালাগালও করেন ইসতিয়াক। পরে ভুক্তোভোগী মেয়েটি থানায় অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পেয়ে ইসতিয়াককে তার গায়ে হলুদ সন্ধ্যার অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে। ইসতিয়াক এখন কারাগারে রয়েছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর