মাদারীপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণের শিকার অবরুদ্ধ এক গৃহবধূকে (২৮) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং সে সময় তিন জন ধর্ষককে গ্রেফতার করে র্যাব।
আটকরা হলেন- ফারুক হোসেন বেপারী (৪৬) মাদারীপুর শহরের পানিছত্র এলাকার আব্দুল লতিফ বেপারীর ছেলে, মহিষেরচর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯), মহিষেরচর গ্রামের বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮)।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে জানান, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পানিছত্র এলাকার জুলহাস চৌকিদারের বাড়ির ভাড়াটিয়া এক গৃহবধূকে ফারুক হোসেন বেপারীর নেতৃত্বে লিটন হাওলাদার ও তৈয়ব আলী হাওলাদার মাদারীপুর শহরের অপহরণ করে। পরে ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত উপজেলার কালাগাছিয়া গ্রামে এক ভাড়া বাসায় ওই গৃহবধূকে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে।
ওই গৃহবধূ কৌশলে বিষয়টি শুক্রবার সকালে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পকে জানালে, একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসা থেকে অপহৃত ওই গৃহবধূকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত ফারুককে আটক করে র্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর শহরের পানিছত্র এলাকা থেকে লিটন ও তৈয়বকেও আটক করা হয়।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান জানান, মাদারীপুর সদর মডেল থানায় ওই গৃহবধূ এবং আটক আসামিদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বার্তাবাজার/কে.কে