নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী একটি জাহাজে শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ (শুক্রবার) বিকালে উপজেলার মাহমুদ নগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম টিটন সরদার। আহতরা হলেন জাহাজের মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফ।
জানা যায়, শুক্রবার বিকেলে বন্দর মাহমুদনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে এমভি নিউটেক-৪ পণ্যবাহী জাহাজে শ্রমিক সর্দার টিটনের সঙ্গে দুপুর খাবার নিয়ে বাবুর্চি মোশারফের ঝগড়া হয়। এর জের ধরে একপর্যায়ে শ্রমিকদের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। জাহাজের স্টাফ সবুজ এ সময়ে টিটন সর্দারসহ জাহাজ মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তিনজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিটন সর্দারকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
বার্তাবাজার/এসজে