কুড়িগ্রাম সদর উপজেলায় সেই শিশু ধর্ষণ মামলার আসামি রাজু মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদরের কাচিরচর কামারপাড়া গ্রাম থেকে রাজু মিয়াকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম ও এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাচিরচর গ্রামে প্রতিবেশী মুকুলের পাঁচ বছরের শিশুকন্যাকে ডাব খাওয়ানোর কথা বলে শৌচাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আবুল হোসেনের ছেলে রাজু । এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক রাজু দৌঁড়ে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই শিশুটির বাবা মুকুল হোসেন বাদী হয়ে সদর থানায় রাজুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
শুক্রবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইয়ুম কাচিরচর কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার মামার বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করতে সক্ষম হন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ তৎপর কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করায় অভিযুক্ত আসামিকে ধরতে দেরি হয়। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বার্তাবাজার/কে.কে