গোপালগঞ্জের মুকসুদপুরে দুই ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন-মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের লুৎফর শেখ (৬০)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ বছরের ওই শিশুকে লুৎফর শেখ ও জাফর শেখ ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার সকালে অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/এমআর