ট্রেনের ধাক্কায় তিন প্রাইভেটকার যাত্রীর মৃত্যু

যশোরের অভয়নগরে একটি লেভেল ক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও ৩ জন। আজ (শুক্রবার) বিকাল ৫টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক, পাঁচ বছরের শিশু এবং এক যাত্রী থাকলেও তাতক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।

এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতাহতরা নড়াইল জেলা বা রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর