রাজধানীর নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলির সময় অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের গ্রেফতার করে।
আজ শুক্রবার রাজধানীর নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন-মো. সোহেল (২৯), নুর মোহাম্মদ ওরফে অরুণ ওরফে নুর (৩০), ইব্রাহিম খলিল উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), সাইফুর রহমান বাবর (৩০) এবং নূর মোহাম্মদ শাকিল (২৬)।
অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইলসহ অনলাইন সম্মেলনের ২৬টি পোস্টার জব্দ করা হয়।
জানা যায়, গ্রেফতার সদস্যরা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় ও দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/অমি