টানা ১১ ঘণ্টার বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বেড়ে ১২০ টাকা হয়েছে। এর আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা ছিলো। তা বাড়িয়ে এখন ১২০ টাকা করা হয়েছে।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে চা শ্রমিকরা এ মজুরি পাবে। আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
মজুরি বৃদ্ধির দাবিতে ৭ অক্টোবর থেকে থেকে দেশের ২২৮ চা বাগানে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিল চা শ্রমিকরা। পরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গলের প্রফিডেন্ট ফান্ড অফিসে সমঝোতা বৈঠকে মজুরি বৃদ্ধির প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী আজ শুক্রবার জানানস, ‘এখন চা শ্রমিকরা দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৯ সালের জানুয়ারি থেকে। এখন আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত ৩ হাজার টাকা করে চা-শ্রমিকরা পাবেন। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে বর্ধিত উৎসব বোনাস পাবে চা-শ্রমিকরা।’
তবে চা-শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম সভাপতি মোহন রবিদাস জানান, ‘চা শ্রমিকরা দৈনিক মজুরি দাবি করেছে ৩০০ টাকা। আর মালিকপক্ষ দিচ্ছে ১২০ টাকা করে। এ সিদ্ধান্ত অমানবিক, চা শ্রমিকদের নিয়ে নতুন করে আন্দোলনের চিন্তা-ভাবনা চলছে।’
বার্তাবাজার/অমি