ঢাকা-৫ সংসদীয় আসনের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শুন্য হয়ে যায় আসনটি। আগামীকাল (শনিবার) এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
ইভিএম মেশিনে এই আসনে ভোট হবে। প্রতিটি ভোটকক্ষে একটি করে ইভিএম মেশিন থাকার পাশাপাশি থাকছে কারিগরি দলও। সেই সঙ্গে যে কোনো ধরনের ত্রুটি মোকাবেলায় অতিরিক্ত ইভিএমও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
আজ (শুক্রবার) বিকালে দনিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরনের কার্যক্রম। এই কেন্দ্র থেকেই দেওয়া হবে ভোটের ফলাফল। পাশাপাশি ঢাকা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তার আলাদা কার্যালয়ও থাকবে ফল ঘোষণার জন্য।
এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত।উপ-নির্বাচনে ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটকক্ষ ৮৬৪টি। এই আসনে ভোটার ৪,৭১,১২৯ জন।
বার্তাবাজার/এসজে