সেই ছাত্রী আবারও অসুস্থ, নুর গ্রুপের হুমকির ‘প্রমাণ পেয়েছে’ পুলিশ

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (ছাত্র অধিকার পরিষদ) আহ্বায়ক হাসান আল মামুন এবং ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তবে, তিনি এখনো ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে দুর্বলতার পাশাপাশি জ্বরে ভুগছেন তিনি।

এই ছাত্রী হাসপাতালে ভর্তি না হওয়ার বিষয়ে এখনো অনড় রয়েছেন। আজ তার অনশনের ৮ম দিন চলছে।

এর আগে অসুস্থ হওয়া পর গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করে রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসেন।

দায়ের করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ অন্যসব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সেই ছাত্রী। রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানায় ২ টি ধর্ষণ ও সাইবার বুলিংয়ের অভিযোগে মামলাসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৩টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানায় দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি সাইফুল ইসলাম ও নাজমুল হুদাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এই জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপি’র লালবাগ ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ও নাজমুলকে রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উদঘাটন করা সম্ভব হয়েছে। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাদের দুইজনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ডিসি আরো বলেন, রিমান্ডের বাইরেও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছে। মামুনের সঙ্গে ওই শিক্ষার্থীর সম্পর্কের বিষয়টি যে নুরসহ অন্যদের জানিয়েছে, তার সত্যতা পাওয়া গেছে। মূলত নির্যাতিত ওই ছাত্রী তাদের কাছে একটি সুরাহা চেয়েছিলো। কিন্তু বিষয়টিকে তারা পাত্তা দেয়নি।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরিত্র হননের হুমকির অভিযোগের ‘সত্যতা পাওয়া গেছে’ বলে তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে। বেশ কিছু ক্লু নিয়েই মামলাগুলোর তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। -আর টিভি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর