ঢাকার কেরানীগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত অটোরিকশা চালক জুয়েল (২৩) ভোলা জেলার লালমোহন থানাধীন টেগাইট্যা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। এক সন্তানের জনক জুয়েল পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত লাখিরচর এলাকায় ভাড়া থাকতো।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা এলাকায় একটি আম বাগানের পাশে নিহতের লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জুয়েল রিকশা নিয়ে ঘর থেকে হয়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও জুয়েল বাড়ি না ফেরায় তার স্ত্রী ও ভাই নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। সারা রাত খোজাখুজির পর ভোরে তার মৃত দেহ দেখতে পায় স্বজনরা। পুলিশ এবং এলাকাবাসীর ধারণা ছিনতাইকারীরাই জুয়েলকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে।
নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদ আলম জানান, আজ ভোরে নিহত অটোরিকশা চালক জুয়েলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস