সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব পদে চাকরিপ্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে কারিগরি সহায়তা দিবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
এজন্য কোম্পানিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের উপস্থিতিতে পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদ টেলিটকের সাথে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
এর আগে গত রবিবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বার্তাবাজার/আর.আর