ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পাচ্ছে মিয়ানমার

ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পেতে যাচ্ছে মিয়ানমার নৌবাহিনী। প্রতিবেশী দেশটির কাছ থেকে সহায়তা হিসেবে একটি কিলো ক্লাসের সাবমেরিন পাচ্ছে মিয়ানমার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, “মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে।”

এই সাবমেরিনটি ১৯৮৮ সালে তৎকালীন সেভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করেছিল ভারত। বর্তমানে অন্ধ্র প্রদেশের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, “এ অঞ্চলের সবার নিরাপত্তা ও বিকাশের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিবেশী দেশগুলোর সক্ষমতা ও স্বনির্ভরতা তৈরির বিষয়ে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে মিয়ানমারকে এই সাবমেরিন দিতে যাচ্ছে ভারত।”

ভারতের দেয়া সাবমেরিনটি মিয়ানমার নৌবাহিনী প্রশিক্ষণে ব্যবহার করবে। হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (এইচএসএল) সাবমেরিনটির আধুনিকায়নের কাজ করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ডেকান হেরাল্ড, এপি নিউজ

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর