সিলেটে পুলিশের হেফাজতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়ার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিআইজি বলেন, পুলিশি হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার কেস ডকেট আমরা গত মঙ্গলবার রাতে পেয়েছি। ঘটনাস্থলে সিলেটের পিবিআই টিম তিন থেকে চার ঘণ্টা ছিল। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক আকবরকে আমাদের দরকার। তিনি যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টারে জানিয়ে দেয়া হয়েছে। তাকে ধরার জন্য আমরা টিম রেডি করেছি।
আকবরের বিষয়ে কোনো চিন্তা করার সুযোগ নেই জানিয়ে পিবিআই প্রধান বলেন, আকবর যেহেতু এই অপকর্ম করে বাহিনীর সুনাম নষ্ট করেছে এবং সে আমাদের কথা চিন্তা করে নাই, সুতরাং তার বিষয়ে কোনো চিন্তা করার সুযোগ নেই।
এর আগে সোমবার (১২ অক্টোবর) সকালে অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।
বার্তাবাজার/আর.আর