অবশেষে বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগ করেছেন। নির্বাচন ঘিরে সৃষ্ট বিক্ষোভে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর প্রেসিডেন্টের এ পদত্যাগের ঘোষণা এলো।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে এই পদত্যাগের ঘোষণা তিনি দেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ অন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে সুরুনবায় জিনবেকভ বলেছেন, ‘আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে।’
এর আগে দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং বেশ কয়েকজন গভর্নর ও মেয়র পদত্যাগ করেছেন। এর ফলে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি