পাকিস্তানে সরকারি গাড়িবহরে হামলা, নিহত ১৪

পাকিস্তানে সরকারি গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালোচিস্তানে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো। নামপ্রকাশ না করার শর্তে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। নিহতদের মরদেহ পাশের একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

তবে বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ জানিয়েছেন, হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তিনি জানান, সাত থেকে আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ অন্য ভারি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা পালিয়ে গেছেন।

হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন তা জানাননি বালোচ স্বরাষ্ট্রমন্ত্রী।

হামলার পর ওই এলাকায় তল্লাশি শুরু হয়েছে। যে মহাসড়কে হামলা হয়েছে সেটি বন্ধ করে দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর