কেন আটক হয়েছিলেন রায়হান, পাওয়া যায়নি উত্তর

সিলেট শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অ্যাটেনড্যান্ট হিসেবে কাজ করতেন ৩৪ বছর বয়সী রায়হান আহমেদ। শহরের যে এলাকায় তিনি বসবাস করতেন সেই আখালিয়া নেহারিপাড়ার কবরস্থানে বৃহস্পতিবার ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। খবর বিবিসির।

তার মরদেহ কবর থেকে তোলার কাজ শুরু হয় সকাল ৯ টার দিকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলছেন, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য ৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

রায়হান আহমেদের মামাতো ভাই আব্দুর রহমান বলছেন, বুধবার পরিবারের পক্ষ থেকে মরদেহ কবর থেকে তোলার ব্যাপারে আপত্তি করা হলেও পরে তারা আপত্তি প্রত্যাহার করে।

কেন রায়হান আহমদকে ১০ তারিখ রাতে আটক করে পুলিশের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর তার পরিবারের এখনো অজানা।

আব্দুর রহমান বলেন, বিষয়টা নিয়ে আমরা চিন্তিত, উনি কিভাবে গেল পুলিশের কাছে।

পুলিশ যখন বলেছে কাষ্টঘর থেকে তাকে ধরা হয়েছে তখন আমরা সেখানে যাই, এলাকার দোকানদার, সেখানকার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বললাম। কেউ কিছু বলতে পারে না। শনিবার রাতে সিলেটের কাষ্টঘর এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার এলাকায় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

আব্দুর রহমান বলছেন, ভোরের দিকে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে তার পরিবারের কাছে রায়হানের ফোন আসে।

তিনি বলছেন, ভোর ৪টা তেত্রিশ মিনিটে আমার ভাই ফোন দিয়েছিল বাসায়। বলেছিল, টাকা নিয়ে তাড়াতাড়ি বন্দরবাজার ফাঁড়িতে আসেন। তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে।

আঙ্কেল (রায়হানের বাবা) টাকা নিয়ে ফাঁড়িতে গেলে বলা হয় যে রায়হান ঘুমিয়ে পড়েছে। যারা তাকে নিয়ে আসছে তারাও ঘুমিয়ে পড়েছে। আপনি সকাল ৯-১০টার দিকে আসেন। টাকা ১০ হাজার সাথে করে নিয়ে আসবেন।

সকাল বেলা রায়হানের বাবাকে ফাঁড়ি থেকে হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

রায়হান আহমেদের মৃত্যু সম্পর্কে ফাঁড়ির পুলিশের দাবি, ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিলে তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমেও প্রথমে এমন খবর প্রকাশিত হয়।

কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে কোন গণপিটুনি দেখা যায়নি। এই ফুটেজ প্রকাশিত হলে ঘটনার মোড় ঘুরে যায়।

রায়হানের পরিবারের পক্ষ থেকে হেফাজতে থাকাকালীন পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তোলা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে একটি মামলা করা হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশের পর ঘটনার বিচারের দাবিতে ফাঁড়িটির আশপাশে বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়।

সোমবার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আকবর হোসেনসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

বার্তবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর