অতিরিক্ত শারীরিক আঘাতের কারণেই সিলেটের যুবক রায়হান উদ্দিনের (৩০) মৃত্যু হয়েছে বলে দ্বিতীয় ময়না তদন্তে জানা গেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এই তথ্য জানান, সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম।
তিনি জানান, রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। এ কারণেই অতিরিক্ত আঘাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা ওই চিকিৎসকের। অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এ দিন দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ বিকেলে আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, সজিব আহমেদ, পিবিআই তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত দল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়।
বার্তাবাজার/এসজে