শেরপুরে মো: সবুর উদ্দিন নামে এক এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত সবুর উদ্দিন নকলা থানায় কর্মরত। তিনি নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জ উত্তর বাজার এলাকায় জনৈক আব্দুল হাইয়ের ছেলে।
বাদী পক্ষের আইনজীবি মুকলেছুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালে নলিতাবাড়ী থানায় ওই নারীর দায়ের করা একটি শ্লীলতাহানির মামলার তদন্ত কর্মকর্তা থাকার সুবাদে সবুর উদ্দিনের সাথে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। ঘনিষ্ঠতার একপর্যায়ে বাদীর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়।
পরবর্তীতে অপরিচিত দুজন লোক নিয়ে নীল কাগজে লেখালেখি করে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানায় সবুর উদ্দিন। ২০১৯ সালের নভেম্বর থেকে তারা স্থানীয় কলিম উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে একসাথে বসবাস করতে থাকেন। পরে নকলা থানায় বদলি হওয়ার পর ওই নারীকে বিয়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। ভিকটিমের দাবী সবুর প্রতারণার আশ্রয় নিয়ে তাকে ধর্ষণ করেছে।
পিবিআই (জামালপুর-শেরপুর) এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (এডমিন) সৈয়দ মইনুল হোসেন জানান, এখনও কাগজ হাতে পায়নি। কাগজ পেলে ব্যবস্থা নেওয়া হবে।