বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি

বাংলাদেশ থেকে একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি। এরমধ্যে কয়েক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলেও এবার আর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়নি দেশটি। ফলে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীরা এখন ইতালিতে ফিরে যেতে পারবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ইতালি বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ (বৃহস্পতিবার ১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা শুধু মাত্র তাদের জন্য প্রত্যাহার হয়েছে যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে। আপাতত নতুন করে কাউকে ভিসা দেয়া হবে না।

তিনি আরও বলেন, যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার জন্য তাদের আবেদন বিবেচনা করা হবে। ইতালির পুলিশ তাদের তথ্য যাচাই করে জানানোর পর ভিসা দেয়া হবে। তাৎক্ষণিকভাবে এ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন ইতালির রাষ্ট্রদূত।

উল্লেখ্য, গত ৭ জুলাই ইতালির রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে ফেরত পাঠানো হয়। দুটি ভিন্ন ফ্লাইটে এই দুই বিমানবন্দরে অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে ফেরত পাঠানো হয়। পরে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এমআর/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর