ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন কার্যালয় ইউনিয়নের মধ্যস্থলে স্থাপন করার দাবি জানিয়ে মানববন্ধন ও পথসভা করেছে ইউনিয়নের বাসিন্দারা।
আজ দুপুর ২টার দিকে এই দাবিতে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় হাজারো মানুষের উপস্থিতির কারণে সড়কে যানজট দেখা দেয়। পরে আয়োজকরা ব্যস্ত সড়কের দুই পাশে ৩০ মিনিট দাঁড়িয়ে ও বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন।
বেতাগৈর গ্রামের মো. হারুন অর রশিদ (৬৫), নাসির উদ্দিন (৪৫) ও বাডালি গ্রামের সোহেল রানা জানান, এক সময় বেতাগৈর ইউনিয়ন একত্রিত ছিল। ইউনিয়নবাসীর দাবির মুখে ও একাধিক মামলা মোকদ্দমা পেরিয়ে বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের বিভক্ত হয়। চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের সরকার নির্মিত কার্যালয় ভবন রয়েছে। বিপত্তি বাধে বীর বেতাগৈর ইউপি কার্যালয় ভবন কোথায় হবে সেটা দিয়ে। আন্দোলনকারীদের দাবি পরিষদ ভবনটি ইউনিয়নের মধ্যস্থলে স্থাপন করা হলে কারও আপত্তি নেই। কিন্তু ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন তাঁর বাড়ির সামনে ভবন নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন। এর প্রতিবাদে ইউনিয়নবাসী ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
জানতে চাইলে চেয়ারম্যান মো. আবদুল মতিন বলেন, ভবন নির্মাণের জন্য এখনও স্থান নির্ধারণ করা হয়নি। আন্দোলনকারীরা এলাকার সাংসদ আনোয়ারুল আবেদীন খানসহ আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপির সমর্থন নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
বার্তা বাজার/ এস.আর