গাজীপুরে প্রাইভেটকারে ধর্ষণের দায়ে চালক আটক

গাজীপুরের জিরানী এলাকায় প্রাইভেটকারের ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগে চালক মো. পিন্টু মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত চালক মো. পিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ।

আটক মো. পিন্টু মিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী নাওলা এলাকার আব্দুল বারেকের ছেলে। পিন্টু ভাড়ায় চালিত প্রাইভেটকারের চালক।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী জিরানী এলাকায় বিউটি পার্লারে চাকরি করেন। ধর্ষক পিন্টু মিয়া ধর্ষিতার পূর্ব পরিচিত। বুধবার রাতে ওই নারী তার ছেলে ও বান্ধবীকে নিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় ধর্ষক পিন্টু মিয়া তাদের সবাইকে তার প্রাইভেটকারে তুলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় চটপটি খাওয়াতে নিয়ে যান। পরে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে জিরানী এলাকায় ওই নারীর ছেলে ও বান্ধবী হালিম খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে হালিমের দোকানে যায়। আর সেই সুযোগে ওই নারীকে পাশেই নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকারের ভেতরে পিন্টু মিয়া ধর্ষণ করেন। অভিযুক্ত পিন্টু মিয়া ঘটনাটি ফাঁস করলে তাকে হত্যার হুমকি দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ভূলবশত আশুলিয়া থানায় মামলা করতে যান ওই নারী। পিন্টু মিয়া এই খবর পেয়ে মিমাংসা করতে সাথে সাথে আশুলিয়া থানায় যান ওই নারীর সঙ্গে দেখা করতে। সেসময় পিন্টু মিয়াকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পরে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পিন্টু মিয়াকে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে পাঠানো হবে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর